নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন চারটি বই। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে বইগুলোর চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসি)।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত পৃথক সভায় চতুর্থ শ্রেণির ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ বইয়ের অনুমোদন দেওয়া হয়।
চতুর্থ শ্রেণির বইগুলোর অনুমোদনসংক্রান্ত সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির অন্য সদস্যরা অংশ নেন।
অন্যদিকে, ষষ্ঠ শ্রেণির নতুন দুটি বইয়ের অনুমোদনসংক্রান্ত সভায়ও প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন। এতে প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খানসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, নতুন বইগুলো শিক্ষার্থীদের পাঠ্যবইনির্ভর প্রচলিত শিক্ষার পাশাপাশি খেলাধুলা, দেশীয় সংস্কৃতি, আনন্দের মধ্য দিয়ে শেখা এবং কারিগরি জ্ঞান অর্জনের সুযোগ বাড়াতে সহায়ক হতে পারে। এর মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষাকে আরও জীবনমুখী, ব্যবহারিক ও দক্ষতাভিত্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, শিক্ষাব্যবস্থাকে আনন্দময়, বাস্তবমুখী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তোলার লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নতুন চারটি বই শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে। প্রয়োজনীয় পরিমার্জন শেষে বইগুলো ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।