বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)
চট্টগ্রামের কর্ণফুলী নদীর ব্রিজঘাট এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নির্মাণাধীন ‘সিডিএ রিভারভিউ শপিংজোনে’ দোকান বরাদ্দের জন্য আবেদন ফরম বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে ফরমের ‘খ’ অংশে যুক্ত ১৭টি শর্তে বিপাকে পড়েছেন দীর্ঘ ২৫ থেকে ৩৫ বছর ধরে ব্রিজঘাটে ব্যবসা করে আসা শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী।
ব্যবসায়ীদের অভিযোগ, দোকান বরাদ্দের জন্য নির্ধারিত আর্থিক ও প্রশাসনিক শর্ত সাধারণ ব্যবসায়ীদের নাগালের বাইরে। বিশেষ করে প্রতিটি সাধারণ দোকানের বিপরীতে ৫ লাখ টাকা অগ্রিম পে-অর্ডার জমা দেওয়ার বাধ্যবাধকতা তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
সিডিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন ফরমের মূল্য ৫ হাজার টাকা, যা অফেরতযোগ্য। পূবালী ব্যাংকের সিডিএ করপোরেট শাখা থেকে ফরম সংগ্রহ করা যাবে। পাশাপাশি সিডিএর ওয়েবসাইট থেকেও ফরম ডাউনলোড করে জমা দেওয়ার সুযোগ রয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৬, বিকেল ৩টা।
ফরমের শর্ত অনুযায়ী, সাধারণ দোকানের জন্য আবেদনের সঙ্গে ৫ লাখ টাকা, ফুড কোর্টের জন্য ৮ লাখ এবং রেস্টুরেন্টের জন্য ২০ লাখ টাকা অগ্রিম পে-অর্ডার জমা দিতে হবে। পে-অর্ডারের ফটোকপি বা ব্যাংক গ্যারান্টি গ্রহণযোগ্য হবে না।
এছাড়া সাধারণ দোকান ও ফুড কোর্টের মাসিক ভাড়া ৫ হাজার টাকা এবং রেস্টুরেন্টের মাসিক ভাড়া ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বরাদ্দ পাওয়ার পর যথাক্রমে ৬০ হাজার ও ২ লাখ ৪০ হাজার টাকা এক বছরের অগ্রিম ভাড়া হিসেবে জমা দিতে হবে। এরপর চূড়ান্ত বরাদ্দপত্র ও দোকানের দখল হস্তান্তর করা হবে।
শর্তে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে এক বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে দোকান বরাদ্দ দেওয়া হবে। শর্ত ভঙ্গ না করলে প্রতি বছর চুক্তি নবায়ন করা হবে। দোকান পাওয়ার ৯০ দিনের মধ্যে ব্যবসা চালু করতে হবে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হস্তান্তর, সাবলেট বা উপ-ভাড়া দেওয়া যাবে না। প্রতি তিন বছর পর ভাড়া ৫ শতাংশ হারে বাড়বে। এছাড়া ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা, জাতীয়তা সনদ, এনআইডি ও সত্যায়িত ছবি জমা দিতে হবে।
ব্যবসায়ীদের প্রশ্ন, সব দোকানের জন্য একই অঙ্কের জামানত কেন? দোকানের আকার, বর্গফুট ও শ্রেণিভেদে জামানত ও ভাড়ার পৃথক কাঠামো স্পষ্ট করা হয়নি। এতে বরাদ্দ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব এম মঈন উদ্দিন বলেন, “সিডিএর মার্কেট নির্মাণ ভালো উদ্যোগ। তবে প্রকৃত ও ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন সবাই দোকান পান, সেজন্য জামানত ও ভাড়া সর্বনিম্ন পর্যায়ে রাখা উচিত। প্রয়োজনে সিডিএ চেয়ারম্যান সরেজমিনে ব্রিজঘাট পরিদর্শন করে ব্যবসায়ীদের আর্থিক সামর্থ্য বিবেচনা করতে পারেন।”
পুরাতন ব্রিজঘাট ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহেদুর রহমান জাহেদ বলেন, “দীর্ঘদিনের প্রকৃত ব্যবসায়ীদের তালিকা করে অগ্রাধিকার দিতে হবে। বহিরাগতদের বাদ দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করা প্রয়োজন।”
ব্রিজঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. সাহাব উদ্দিন বলেন, “সব সমিতির তালিকা যাচাই করে প্রকৃত ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দিতে হবে। নির্মাণের আগে পাশের খালি মাঠে অস্থায়ীভাবে স্থানান্তরের ব্যবস্থা করা জরুরি।”
এদিকে মার্কেট নির্মাণের জমির মালিকানা নিয়েও প্রশ্ন উঠেছে। জানা যায়, সিডিএর ব্রিজঘাট থেকে ডিসি রোড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের জন্য চরপাথরঘাটা মৌজার আরএস ৩৩৫ ও ৩৫৩ দাগের অন্তর্ভুক্ত বিএস ৩ নম্বর খতিয়ানের বিএস দাগ নম্বর ৬৬ ও ৮৪ অধিগ্রহণ করা হয়েছিল (এলএ মামলা নং ১২/৬৭-৬৮ ও ১৫৪/৬৭-৬৮)। জমির মালিকদের দাবি, সড়ক নির্মাণের পর অবশিষ্ট জমি ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য সংরক্ষিত ছিল। এখন সেখানে মার্কেট নির্মাণের যৌক্তিকতা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।
এ বিষয়ে প্রকল্প পরিচালক মো. হাসান বলেন, কর্ণফুলী নদীর বাম তীরে চরপাথরঘাটা মৌজায় সিডিএর মালিকানাধীন জমিতে রিভারভিউ শপিংজোনের জন্য দোকান বরাদ্দের ফরম বিক্রি শুরু হয়েছে। নির্মাণকাজ শেষ হলে বরাদ্দ দেওয়া হবে।
সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, “ব্রিজঘাটে প্রস্তাবিত মার্কেট নির্মাণে স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ ও দীর্ঘদিনের ব্যবসায়িক কার্যক্রম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”



