পুঁজিবাজার প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫১টি কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। এসব সভায় সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের পাশাপাশি অধিকাংশ কোম্পানি লভ্যাংশ ঘোষণা করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষণা অনুযায়ী, ব্যাংক ও আর্থিক খাতের কয়েকটি গুরুত্বপূর্ণ কোম্পানি তাদের বার্ষিক আর্থিক প্রতিবেদন ও লভ্যাংশ ঘোষণা করবে। এর মধ্যে ডাচ-বাংলা ব্যাংকের বোর্ড সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা ও লভ্যাংশ ঘোষণা করা হবে। একই দিনে সেনা ইন্স্যুরেন্স দুপুর ২টা ৪৫ মিনিটে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন প্রকাশ করবে।

২৯ এপ্রিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ফিনিক্স ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, পূবালী ব্যাংক, ইউসিবি ও ইসলামী ব্যাংকসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এসব সভায় ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত প্রতিবেদন প্রকাশ এবং লভ্যাংশ ঘোষণা করা হবে। একই দিনে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স (বিজিআইসি) ও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সভাও রয়েছে।

অন্যদিকে, এনআরবি ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল। এসব সভায়ও বার্ষিক প্রতিবেদন ও লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত আসবে।

এছাড়া উৎপাদন ও শিল্প খাতের বেশিরভাগ কোম্পানি তাদের তৃতীয় প্রান্তিকের (৩১ মার্চ ২০২৬ সমাপ্ত) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ২৭ এপ্রিল আজিজ পাইপস, এপেক্স ফুটওয়্যার ও হাওয়েল টেক্সটাইলের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

২৮ এপ্রিল ডেল্টা স্পিনিং, রানার অটোমোবাইল, জাহিন স্পিনিং, দেশ গার্মেন্টস, সি পার্ল হোটেল, সিলভা ফার্মা, ফরচুন সুজ, আমান ফিড, আমান কটনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সভা রয়েছে।

২৯ এপ্রিল মীর আক্তার হোসেন, বিএসআরএম স্টিল, ইফাদ অটোস, ইস্টার্ন ক্যাবলস, খান ব্রাদার্স, বিএসআরএম লিমিটেড, একমি ল্যাবরেটরিজ, ওরিয়ন ইনফিউশন, আইটিসি, সিলকো ফার্মা, ড্যাফোডিল কম্পিউটারস, ওরিয়ন ফার্মা, ড্রাগন সোয়েটার, বিডি অটোকারস, তসরিফা ইন্ডাস্ট্রিজ ও মুন্নু সিরামিকসের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

পরবর্তীতে ৩০ এপ্রিল এপেক্স স্পিনিং, সায়হাম কটন, আরডি ফুড, এপেক্স ফুডস, অলটেক্স, তমিজউদ্দিন টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ও গোল্ডেন সনের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এসব কোম্পানির আর্থিক প্রতিবেদন ও লভ্যাংশ ঘোষণাকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ বাড়তে পারে এবং বাজারে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।