নিজস্ব প্রতিবেদক দেশে অবৈধ সিসা লাউঞ্জ, মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। শিগগিরই সারা দেশে সমন্বিত বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চৌধুরী।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে এক নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘৩০ এপ্রিলের পর সমন্বিতভাবে সারা দেশে অভিযান চালানো হবে।’
তিনি আরও জানান, অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম-ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কঠোর অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করছে।
এ ছাড়া জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অভিযান শুরু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়তে পারে।









