আন্তর্জাতিক ডেস্ক
সংযুক্ত আরব আমিরাত হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনে বলপ্রয়োগের মাধ্যমে পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর সহযোগিতা চাওয়ার কথাও জানিয়েছেন তারা। বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপসাগরীয় অঞ্চলে সংঘাত আরও তীব্র হতে পারে।
কর্মকর্তারা জানান, ইরানের আরোপিত বাধা দূর করতে সামরিক পদক্ষেপের বিষয়ে আন্তর্জাতিক সমর্থন আদায়ে কাজ করছে সংযুক্ত আরব আমিরাত। এ লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-এ একটি প্রস্তাব উত্থাপনের চেষ্টাও চলছে, যাতে বলপ্রয়োগের মাধ্যমে প্রণালি উন্মুক্ত করার অনুমোদন পাওয়া যায়।
এছাড়া আমিরাতের কূটনীতিকরা যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার সামরিক শক্তিগুলোর সমন্বয়ে একটি জোট গঠনের আহ্বান জানিয়েছেন, যা হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখতে পারে।
একজন আমিরাতি কর্মকর্তা বলেন, ইরানের বর্তমান অবস্থান বিশ্ব অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তার ভাষায়, ইরানি নেতৃত্ব নিজেদের নিরাপত্তার স্বার্থে প্রণালিতে চাপ সৃষ্টি করছে, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান সংঘাতের পর থেকে ইরান আমিরাতের ভেতরে থাকা মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাইলে তারা সরাসরি অস্বীকার না করে জানায়, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখতে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক ঐকমত্য গড়ে উঠেছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে উত্তেজনা বাড়তে থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।









