মোঃ হারুন উর রশিদ, নীলফামারী,
নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা ‘গায়েবি ও মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ডোমার উপজেলা বিএনপি।

রবিবার দুপুরে উপজেলার বাটার মোড়ে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু এবং সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন।

বক্তব্যে রেয়াজুল ইসলাম কালু বলেন, “একটি গণতান্ত্রিক দেশে রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে একজন জনপ্রিয় নেতাকে কারাবন্দি করে রাখা ন্যায্য নয়। যদি দ্রুত তুহিন ভাইকে মুক্তি না দেওয়া হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো।”

তিনি আরও বলেন, “তুহিন শুধু ডোমার-ডিমলার নেতা নন, তিনি উত্তরাঞ্চলের বলিষ্ঠ কণ্ঠস্বর। তার মুক্তি নিশ্চিত করতে না পারলে উত্তরাঞ্চল অচল করে দেওয়া হবে।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার, শ্রমিক দলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, মহিলা দলের সভাপতি আসমা তারা লাকীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।