আন্তর্জাতিক ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলে প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

বুধবার (১ এপ্রিল) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম গালফ নিউজ।

ফুজাইরাহ গভর্নমেন্ট মিডিয়া অফিস জানায়, একটি মানববিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত করে সফলভাবে প্রতিহত করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পরে ভূপাতিত ড্রোনটির ধ্বংসাবশেষ আল-রিফা’আ এলাকার একটি খামারে গিয়ে পড়ে।

এ ঘটনায় ঘটনাস্থলেই এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয় বলে নিশ্চিত করা হয়েছে। তবে নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে জরুরি সেবা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।