আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি সম্পাদনের দ্বারপ্রান্তে পৌঁছেছে যুক্তরাষ্ট্র—এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “তেহরান বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্তে ইতিবাচক সাড়া দিয়েছে এবং আমরা চুক্তির খুব কাছাকাছি।”

গত ১১ মে (রবিবার) অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের আলোচনায় ট্রাম্প প্রশাসন ইরানের উদ্দেশে আনুষ্ঠানিকভাবে একটি পারমাণবিক চুক্তির খসড়া তুলে ধরে। মার্কিন কর্মকর্তারা মনে করছেন, এক দশকের বেশি সময় ধরে চলতে থাকা পারমাণবিক উত্তেজনার নিরসন এই আলোচনার মাধ্যমে সম্ভব হতে পারে।

তবে ভিন্ন সুরে কথা বলেছেন ইরানের একজন শীর্ষ কর্মকর্তা। তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে তারা কোনো নতুন প্রস্তাব হাতে পাননি। বরং দেশটির পক্ষ থেকে পুরোনো দাবির পুনরাবৃত্তি করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও স্পষ্ট করে জানান, ইরান কখনোই তার ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ত্যাগ করবে না। “এই অধিকার আমাদের সার্বভৌমত্বের অংশ,”—বলেন ওই কর্মকর্তা।

বিশ্লেষকদের মতে, দুই পক্ষের বক্তব্যে কিছুটা পার্থক্য থাকলেও আলোচনা যে ফলপ্রসূ পথে এগোচ্ছে, তা স্পষ্ট। পারমাণবিক চুক্তি নিয়ে বিশ্ব সম্প্রদায়ও সতর্ক দৃষ্টি রাখছে এই আলোচনার দিকে, যা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি করেছে।