বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. নাছির (২২) কে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।

নিহত ভিকটিম মো. মোবারক ইসলাম (২৬) পতেঙ্গা থানার দক্ষিণ পাড়ের বেড়িবাঁধ এলাকার মো. আব্দুল মাবুদের ছেলে। তিনি কেইপিজেড-এ পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টার দিকে ভিকটিম মোবারক ইসলামকে সাইকেল চুরির সন্দেহে পতেঙ্গা মডেল থানাধীন চরপাড়াস্থ আকবর আলী বিল্ডিংয়ের সামনে থেকে ধরে কেএনএএফ ফাইবার প্লাস্টিক ইন্ডাস্ট্রির ভেতরের একটি কক্ষে নিয়ে যায় বিবাদীরা। সেখানে জানালার গ্রিলের সাথে রশি দিয়ে তার হাত-পা বেঁধে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে জানালার গ্রিলের সাথে গলায় রশি পেঁচিয়ে ধরলে ভিকটিম অজ্ঞান হয়ে পড়েন।

পরে ভিকটিমের পিতা সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে বিষয়টি ব্যাপক আলোচিত হয়।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৪ জনকে এজাহারনামীয় আসামি করে পতেঙ্গা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১০, তারিখ- ১২/১১/২০২৬। ধারা- ৩০২/৩৪ পেনাল কোড।

এ’বিষয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭) চট্টগ্রাম এর সহকারি পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, ঘটনাটি নজরে আসার পরপরই আসামি গ্রেপ্তারে এসআরবি-৭, চট্টগ্রাম ব্যাপক গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ওই চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. নাছির ফটিকছড়ি থানা এলাকায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১৪ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে এসআরবি-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফটিকছড়ি থানাধীন সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় ৩নং পলাতক আসামি মো. নাছির (২২), পিতা- মো. মুছা, সাং- চরপাড়া, থানা- পতেঙ্গা, জেলা- চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ আলী জানান, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এবং অন্যান্য পলাতক আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছেন।