পুঁজিবাজার প্রতিবেদক :
হামের উচ্চ সংক্রমণ বিবেচনায় দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় জরুরি ভিত্তিতে শিশুদের হাম–রুবেলা টিকাদান কর্মসূচি চালু করা হচ্ছে। এই কর্মসূচিতে অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে বরগুনা সদর উপজেলা।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আগামী রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে এই জরুরি টিকাদান কার্যক্রম শুরু হবে।
স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, টিকাদান কর্মসূচির আওতায় বরগুনা সদর ছাড়াও বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, চাঁদপুর জেলার হাইমচর ও সদর, কক্সবাজার জেলার মহেশখালী ও রামু, ঢাকা জেলার নবাবগঞ্জ এবং গাজীপুর সদরসহ দেশের বিভিন্ন জেলার মোট ৩০টি উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া যশোর সদর, ঝালকাঠির নলছিটি, মাদারীপুর সদর, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, নাটোর সদর, নেত্রকোনার আটপাড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা উপজেলাও এ কর্মসূচির আওতায় রয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, এই জরুরি কর্মসূচির মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ১২ লাখ ৩ হাজার ২৬৭ শিশুকে হাম–রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে আক্রান্ত এলাকার শিশুদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।









