হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:
যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-বাংলাদেশ। শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্কের জ্যামাইকা অ্যাভিনিউয়ের ১৬৮-০১ নম্বরে অবস্থিত জনপ্রিয় রেস্টুরেন্ট ‘জল খাবার’-এ এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
জেএসএফ-বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা ও সংগঠক এবং ফেসবুক অ্যাকটিভিস্ট হাজী আনোয়ার হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন এবং ‘জল খাবার’ রেস্টুরেন্টের অন্যতম কর্ণধার ও বিশিষ্ট ব্যবসায়ী তসলিম উদ্দিন খান।
সংবর্ধনা সভায় যুক্তরাষ্ট্রপ্রবাসী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং প্রবাসের মাটিতে তাদের যথাযথ সম্মান জানানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দকে ‘জল খাবার’ রেস্টুরেন্টের সৌজন্যে তসলিম উদ্দিন খানের পক্ষ থেকে রুচিশীল ও সুস্বাদু নৈশভোজে আপ্যায়ন করা হয়।