মাদক সিন্ডিকেট, চোরাচালান ও দখল-চাঁদাবাজির অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত


নিজস্ব প্রতিবেদক:
দৈনিক ফেনীর সময় পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন।

বুধবার (১১ নভেম্বর) দেওয়া এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, দৈনিক ফেনীর সময়ের ১১ নভেম্বর ২০২৬ তারিখের প্রথম পাতায় ‘আ’লীগের হারানো সাম্রাজ্য এখন হোসেনের কব্জায়’ শিরোনামে প্রকাশিত সংবাদে তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ তুলে ধরা হয়েছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। মনগড়া ও যাচাই-বাছাইহীন তথ্যের মাধ্যমে তাঁকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
প্রতিবাদলিপিতে আবুল হোসেন বলেন, প্রকাশিত প্রতিবেদনে তাঁকে মাদক সিন্ডিকেট, চোরাচালান, দখল, চাঁদাবাজি ও মামলা-বাণিজ্যের সঙ্গে জড়িত হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য ও কাল্পনিক। একই সঙ্গে দলের অনেক ত্যাগী নেতাকর্মী কোণঠাসা হয়ে পড়েছেন বলে প্রতিবেদনে যে দাবি করা হয়েছে, তাও সঠিক নয়। বাস্তবে তাঁরা নিয়মিত দলীয় সভা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

তিনি আরও বলেন, প্রতিবেদনে তাঁর পাশাপাশি যাঁদের নাম উল্লেখ করে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে, তাঁরাও এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। কোনো ধরনের সরেজমিন অনুসন্ধান, তথ্য যাচাই-বাছাই কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ না করে এ ধরনের সংবাদ প্রকাশ দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
প্রতিবাদলিপিতে আবুল হোসেন প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ভবিষ্যতে যথাযথ তথ্য-প্রমাণ যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে পত্রিকা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রতিবেদকের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রতিবাদকারী: আবুল হোসেন
সদস্য সচিব
ফুলগাজী উপজেলা বিএনপি, ফেনী।