টানা ২৭ ম্যাচের জয় নিয়ে অপরাজেয়-যাত্রা অব্যাহত রইলো কলম্বিয়ার। যুক্তরাষ্ট্রের স্টেট ফার্ম স্টেডিয়ামে পানামাকে ৫-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে নাম লেখালেন হামিস রদ্রিগেজরা।

রোববার ভোরে স্টেটফার্ম স্টেডিয়ামে অষ্টম মিনিটে ইয়ান কর্দোবা গোল উৎসবের সূচনা করেন। এরপর একে একে হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ, রিচার্ডি রিওস এবং মিগুয়েল বোর্হা বাকি গোলগুলো করেন।

ম্যাচের ১৫তম মিনিটে পেনাল্টি থেকে রদ্রিগেজ নিজেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

ছবি: সংগৃহীত

দুই গোলে পিছিয়ে পড়ে এরপর একের পর এক আক্রমণ করে পানামা। কিন্তু সাফল্যের দেখা পায়নি। এলোমেলো শটে সুযোগ নষ্ট করেছে তারা।

এরই মধ্যে প্রথমার্ধের শেষদিকে আরও এক গোল করে কলম্বিয়া। এই গোলেও অবদান রদ্রিগেজের। সেট পিস থেকে বল বানিয়ে দেন তিনি লুইস দিয়াজকে। দিয়াজ বক্সের বাইরে থেকে জোরালো এক শটে ৩-০ করেন।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও পানামা ভুরি ভুরি সুযোগ মিস করে। কলম্বিয়া সুযোগ তৈরি করেই দারুণভাবে কাজে লাগায় আবারও। ৭০ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে দারুণ এক গোল করে ব্যবধান ৪-০ করে ফেলেন রিচার্ড রিউস।

চার গোল হজম করার পরও কলম্বিয়ার বক্সে আক্রমণ চালিয়েছে পানামা। কিন্তু বারবার তারা ভুগেছে ফিনিশিংয়ের ব্যর্থতায়। ইনজুরি টাইমে এসে আরও এক গোল হজম করে তারা।

এক গোল ও দুই অ্যাসিস্টে ম্যাচসেরা হামেস রদ্রিগেজ। এই নিয়ে এবারের আসরে তার অ্যাসিস্ট মোট ৫টি। এবারের কোপার ৪ ম্যাচেই ম্যাচসেরা হয়েছে তিনি।