
ডিভোর্স ছাড়া অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামীকাল বুধবার (১০ জুন) দিন নির্ধারণ করা হয়েছে।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করবেন।
গত ৬ মে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। সেদিন বাদীপক্ষ আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করে, তবে আসামিপক্ষ তাদের খালাসের প্রার্থনা জানায়।
মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা সুলতানা ও রাকিবের বিয়ে হয় এবং তাদের আট বছরের একটি কন্যাসন্তান রয়েছে। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে।
অভিযোগে আরও বলা হয়, বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী অবৈধ। নাসির তাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে যান বলেও অভিযোগ আনা হয়।
মামলায় দণ্ডবিধির ৪৯৭, ৫০০ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। তদন্ত শেষে পিবিআই তিনজনকে দোষী উল্লেখ করে প্রতিবেদন দেয়। পরে আদালত ২০২২ সালের ২৪ জানুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। অপর আসামি তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়।
মামলাটিতে আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেছে।






