নিজস্ব প্রতিবেদক
দেশে বিদ্যুৎ উৎপাদনের মোট সক্ষমতা বর্তমানে ৩২ হাজার ৩৩২ মেগাওয়াটে উন্নীত হয়েছে। এর মধ্যে গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেশে দৈনিক বিদ্যুৎ উৎপাদন গড়ে ১৪ হাজার ৫০০ থেকে ১৫ হাজার মেগাওয়াটের মধ্যে রয়েছে, যা চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করছে।
জ্বালানি সরবরাহ প্রসঙ্গে তিনি আরও জানান, দেশে প্রতিটি পেট্রল পাম্পে নির্ধারিত পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। তবে ইরানকে ঘিরে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির পর হঠাৎ করে জ্বালানির চাহিদা বেড়ে গেছে।
তিনি বলেন, আগে যে পরিমাণ তেল বিক্রি হতে দেড় দিন সময় লাগত, বর্তমানে তা মাত্র দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কজনিত অতিরিক্ত কেনাকাটা (প্যানিক বায়িং) বেড়ে গেছে, যার ফলে পাম্পগুলোতে দীর্ঘ সারি দেখা যাচ্ছে।
তবে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই বলেও তিনি উল্লেখ করেন।









