
পুঁজিবাজার প্রতিবেদন।।
রাজধানীর মগবাজারে অবস্থিত Ad-din Hospital-এ ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ ঘোষণা দেন।
জানা গেছে, গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। পরে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিলে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি উচ্চপর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা, চিকিৎসা ব্যবস্থাপনার দুর্বলতা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, নবজাতক ও অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের জন্য ব্যবহৃত ওয়ার্ডটি প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করছিল না। সেখানে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব ছিল এবং শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থাও ছিল অপ্রতুল ও অনিয়মিত।
এছাড়া ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক ওয়ার্ডে উপস্থিত ছিলেন না বলেও তদন্তে উঠে এসেছে। নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি ঘটলেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও জরুরি সেবা দেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কমিটির ভাষ্য অনুযায়ী, জন্মের পর নবজাতকদের শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল এবং তাদের বিশেষ চিকিৎসা বা ইনকিউবেটরের প্রয়োজন ছিল না। কিন্তু পরবর্তীতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলেও যথাযথ তদারকি ও চিকিৎসা নিশ্চিত করা হয়নি।
প্রতিবেদনে হাসপাতালের কাঠামোগত সীমাবদ্ধতা, পর্যাপ্ত তত্ত্বাবধানের অভাব এবং প্রশাসনিক ত্রুটিকেও এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে। এসব অনিয়ম ও অবহেলার প্রেক্ষিতে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।






