
জাহাজ নির্মাণ, বন্দর উন্নয়ন ও সামুদ্রিক খাতে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানোর আহ্বান
সংবাদ:
আন্তর্জাতিক জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকদের জন্য যুক্তরাজ্যের ওকেটিবি (OKTB), ট্রানজিট ও অন্যান্য নাবিক-সংক্রান্ত ভিসা দ্রুত ও সহজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে বাংলাদেশের জাহাজ নির্মাণ, বন্দর উন্নয়ন ও সামুদ্রিক পরিবহন খাতে ব্রিটিশ বিনিয়োগ বৃদ্ধিরও আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৯ জুলাই) লন্ডনে যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী দ্য রাইট অনারেবল হেইডি আলেকজান্ডারের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন শেখ রবিউল আলম। শুক্রবার (১০ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রীর কাছে পৌঁছে দেন শেখ রবিউল আলম। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং গণতন্ত্র, সুশাসন, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি দুই দেশের বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে আন্তর্জাতিক জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকদের জন্য ওকেটিবি, ট্রানজিট ও অন্যান্য নাবিক-সংক্রান্ত ভিসা প্রক্রিয়া দ্রুত ও সহজ করার বিষয়ে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
এছাড়া বাংলাদেশের জাহাজ নির্মাণ, সামুদ্রিক প্রকৌশল, বন্দর উন্নয়ন, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা এবং বন্দরভিত্তিক শিল্পে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। প্রযুক্তি হস্তান্তর, যৌথ উদ্যোগ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন।
শেখ রবিউল আলম জানান, জাহাজ পুনর্ব্যবহার শিল্পে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে বাংলাদেশ সরকার হংকং আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে দেশের ৪২টি জাহাজ পুনর্ব্যবহার ইয়ার্ডের মধ্যে ২৭টি আন্তর্জাতিক মান অর্জন করেছে এবং বাকি ইয়ার্ডগুলোকে পর্যায়ক্রমে সেই মানে উন্নীত করার কাজ চলছে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে আন্তর্জাতিক নৌ সংস্থার (আইএমও) উদ্যোগকে বাংলাদেশ সমর্থন করে। পরিবেশবান্ধব প্রযুক্তি, সবুজ প্রবৃদ্ধি এবং টেকসই সামুদ্রিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে যাচ্ছে।
বৈঠক শেষে যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ রবিউল আলম। উভয়পক্ষ পরিবহন, নৌপরিবহন, রেলপথ, বন্দর উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।






