পুঁজিবাজার প্রতিবেদক :

দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেট মানের এক ভরি স্বর্ণের দাম প্রায় ২ লাখ ২৯ হাজার টাকা। বিদ্যমান ৫ শতাংশ ভ্যাটের কারণে প্রতি ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের প্রায় সাড়ে ১১ হাজার টাকা অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে।

তবে আগামী জাতীয় বাজেটে স্বর্ণের ওপর ভ্যাট কাঠামো পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শতাংশভিত্তিক ভ্যাটের পরিবর্তে নির্ধারিত হারে ভ্যাট আরোপের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে।

প্রস্তাব অনুযায়ী, ভ্যাটের হার পরিবর্তন করে নির্ধারিত পদ্ধতিতে আনা হতে পারে, যেখানে প্রতি ভরিতে ২ হাজার ৫০০ টাকা ভ্যাট বসতে পারে।

ব্যবসায়ীরা বলছেন, উচ্চ দামের কারণে স্বর্ণের বাজারে বিক্রি কমে গেছে। বর্তমান ৫ শতাংশ ভ্যাট ব্যবস্থা ক্রেতাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে এবং অনেক ক্ষেত্রে যথাযথ ভ্যাট আদায়ও সম্ভব হচ্ছে না।

অন্যদিকে নির্ধারিত হারে ভ্যাট কার্যকর হলে সরকারের রাজস্ব আদায় আরও স্বচ্ছ হবে এবং ক্রেতাদের ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।