
পুঁজিবাজার প্রতিবেদক :
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক ও লেনদেনের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে বাজার মূলধনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৯৫ কোটি ২৪ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ৮৩৪ কোটি ৩৬ লাখ টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ পরিমাণ ছিল ৬ লাখ ৯৭ হাজার ৭৩৯ কোটি ১২ লাখ টাকা। অর্থাৎ, এক সপ্তাহে বাজার মূলধন দশমিক ৮৭ শতাংশ বা ৬ হাজার ৯৫ কোটি ২৪ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে।
এদিকে, আলোচ্য সপ্তাহে টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৬ হাজার ৯১৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের ৫ হাজার ৭৩৫ কোটি ৭৫ লাখ টাকা থেকে ১ হাজার ১৮৩ কোটি ৫১ লাখ টাকা বেশি।
সূচকের দিক থেকেও ইতিবাচক ধারা বজায় ছিল। সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬০ দশমিক ২০ পয়েন্ট বা ১ দশমিক ০৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৮০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
একই সময়ে ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ ১৫ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৭ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ২০ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯ পয়েন্টে অবস্থান করছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৫১টির দর বেড়েছে, ১২২টির দর কমেছে এবং ১৫টির দর অপরিবর্তিত রয়েছে।






