ঈদকে সামনে রেখে যাত্রীচাপ সামাল দিতে সিলেট-ঢাকা রুটে বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনটি চালু হলে মাত্র ৫ ঘণ্টা ৪০ মিনিটে সিলেট থেকে ঢাকায় পৌঁছাতে পারবেন যাত্রীরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তবে ট্রেনটি ঠিক কবে থেকে চলাচল শুরু করবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ট্রেনটি প্রতিদিন সকাল সাড়ে ৮টায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রাবিরতি দিয়ে দুপুর ২টা ১০ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন-এ পৌঁছাবে।
রেলওয়ে সূত্র জানায়, যাত্রাপথে ট্রেনটি কুলাউড়া, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ স্টেশনে থামবে। এছাড়া ঢাকার বিমানবন্দর স্টেশনেও যাত্রী ওঠানামার সুযোগ থাকবে।
সময়সূচি অনুযায়ী, ট্রেনটি সকাল ৮টা ৩০ মিনিটে সিলেট থেকে ছেড়ে ৯টা ২৭ মিনিটে কুলাউড়ায় পৌঁছাবে এবং দুই মিনিট বিরতির পর আবার যাত্রা শুরু করবে। এরপর সকাল সোয়া ১০টায় শ্রীমঙ্গল এবং বেলা ১০টা ৫০ মিনিটে শায়েস্তাগঞ্জে থামবে। ট্রেনটি দুপুর ১টা ৩৩ মিনিটে বিমানবন্দর স্টেশন অতিক্রম করে শেষ পর্যন্ত দুপুর ২টা ১০ মিনিটে কমলাপুরে পৌঁছাবে।









