দৈনিক পুঁজিবাজার: সাভারে ফুটপাত দখলমুক্ত রাখতে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে যৌথ অভিযান শুরু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ঢাকা জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) আহম্মদ মুঈদের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সেনাবাহিনীর সহায়তা নিয়ে পুলিশ ফুটপাত দখলমুক্ত করার চেষ্টা চালায়।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, সড়ক ও ফুটপাতে সহস্রাধিক হকার বিভিন্ন দোকান বসিয়ে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছিল। জেলা পুলিশের নির্দেশে অভিযান শুরু করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটপাত দখলের কারণে যানজট ও চাঁদাবাজির মতো সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। নতুন সরকারের নির্দেশনা অনুযায়ী, এই অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন ওসি জুয়েল মিঞা।

অভিযানে সেনাবাহিনীর নবম সিগন্যাল ব্যাটালিয়নের মেজর রিফাত, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল, পুলিশ পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন, এবং পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাসসহ বিপুল সংখ্যক সেনাবাহিনী ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

সাভারবাসীকে যানজটমুক্ত সড়ক উপহার দিতে পুলিশের অঙ্গীকার

এই অভিযানের মাধ্যমে সাভারবাসীকে যানজটমুক্ত এবং নিরাপদ চলাচলের পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে জেলা পুলিশ প্রশাসন।