ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। এখন থেকে বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেটে ব্যাংক কার্ড ব্যবহার করে টাকা পাঠানো যাবে মাত্র ১ টাকা ৫০ পয়সা খরচে।
আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে এই নতুন সুবিধা কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ (পিএসডি) থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়।
নতুন এই ব্যবস্থার নাম ইন্টার-অপারেবল পেমেন্ট সিস্টেম, যার মাধ্যমে দেশের সব ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এখন একই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে।
এর আগে এনপিএসবি শুধুমাত্র ব্যাংক থেকে ব্যাংক লেনদেনের জন্য ব্যবহৃত হতো। এবার তা সম্প্রসারিত হয়ে ব্যাংক থেকে এমএফএস ও ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারে (পিএসপি) লেনদেনের সুযোগ তৈরি হলো।
নির্দেশনা অনুযায়ী,
- ব্যাংক থেকে এমএফএসে টাকা পাঠাতে খরচ হবে প্রতি হাজারে ১ টাকা ৫০ পয়সা।
- এমএফএস থেকে ব্যাংকে পাঠাতে খরচ হবে প্রতি হাজারে ৮ টাকা ৫০ পয়সা।
- ব্যাংক থেকে ব্যাংকে লেনদেনে খরচ প্রতি হাজারে ১ টাকা ৫০ পয়সা।
- ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারে (পিএসপি) পাঠাতে লাগবে প্রতি হাজারে ২ টাকা।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রাপক গ্রাহকের কাছ থেকে কোনো অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো নগদ অর্থের ব্যবহার কমানো এবং ডিজিটাল লেনদেন বৃদ্ধি করা। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই সিস্টেম চালুর ফলে দেশের আর্থিক খাতে ডিজিটাল অন্তর্ভুক্তি ও স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে।









