নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রথম দিনেই ব্যাপক সাড়া মিলেছে। বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ৫৪৪ জন নারী প্রত্যাশী।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে দলের কেন্দ্রীয় দপ্তর জানায়, এদিন সকাল ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়।
মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানান, আগ্রহীরা ১২ এপ্রিল পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং জামানত হিসেবে জমা দিতে হবে ৫০ হাজার টাকা।
প্রথম দিনেই নয়াপল্টন কার্যালয়ে নারী নেত্রীদের উপচেপড়া ভিড় দেখা যায়। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মোট ৫৪৪টি মনোনয়ন ফরম বিক্রি সম্পন্ন হয়।
বিএনপি জানিয়েছে, এই ফরম বিতরণ কার্যক্রম চলবে ১২ এপ্রিল পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই ফরম সংগ্রহ ও জমা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা, সংসদীয় দক্ষতা এবং সামগ্রিক যোগ্যতার ভিত্তিতে পার্লামেন্টারি বোর্ড চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবে। তিনি দলের নেতাকর্মীদের বোর্ডের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান।









