
আমির হোসেন লিটন। নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্স এলাকায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। এ সময় তিনি ফুল, ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, পথচারী, পরিবহন চালক ও সাংবাদিকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ মোমেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস. এম. রোবেল মাহমুদ।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান, জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এ.এইচ.এম সালাউদ্দিন, উপজেলা প্রকৌশলী আকতার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহজাদা ভুঁইয়া, স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম, পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি মো. রাশেদুল ইসলাম রাশেদ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. নুর আলম, শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।






