পুঁজিবাজার প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাতারা রুমীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডে অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়নিহত জান্নাতারা রুমী জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই হোস্টেলেই বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, রুমী পারিবারিক কিছু বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি এনসিপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও গভীর শোক ও উদ্বেগ দেখা দিয়েছে।








