রপ্তানি প্রক্রিয়া আরও সহজ করতে দেশীয় বিমা কোম্পানির কাভারেজের বিপরীতে ওপেন অ্যাকাউন্ট ক্রেডিট টার্মে পণ্য রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক

মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে ব্যাংকগুলো স্থানীয় বিমা কোম্পানিগুলোর কাছ থেকে পেমেন্ট অ্যান্ডারটেকিং বা পেমেন্ট রিস্ক কাভারেজ গ্রহণ করতে পারবে। এর আগে কেবল বিদেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে পেমেন্ট অ্যান্ডারটেকিং নেওয়ার মাধ্যমে ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে রপ্তানির সুযোগ ছিল।

নতুন নির্দেশনা অনুযায়ী, দেশীয় বিমা কোম্পানির মাধ্যমে ইস্যুকৃত বৈদেশিক মুদ্রায় বিমা পলিসির ভিত্তিতে ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে রপ্তানি করা যাবে। রপ্তানি আয় দেশে প্রত্যাবাসিত না হলে বিমা দাবি বৈদেশিক মুদ্রায় নিষ্পত্তি করতে হবে, বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, এই ধরনের বিমা কাভারেজের বিপরীতে বিমা কোম্পানিগুলো বিদেশ থেকে পুনঃবিমা (reinsurance) নিতে পারবে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কাঠামোর আওতায়। পাশাপাশি, স্থানীয় বিমা কাভারেজের ভিত্তিতে সংশ্লিষ্ট রপ্তানির বিপরীতে ব্যাংক রপ্তানিত্তোর অর্থায়ন (post-shipment finance) করতে পারবে।

ব্যবসায়ীরা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের এই নীতিগত পদক্ষেপ রপ্তানিকারকদের বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাবে, পাশাপাশি বাণিজ্যিক অর্থায়নে নমনীয়তা বৃদ্ধি করবে। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতাও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।