নিজস্ব প্রতিবেদক যশোরে একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হন তিনি।

দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম যশোর সফর। সফরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিদর্শন এবং রাজনৈতিক সমাবেশে অংশ নেওয়ার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। যশোরে পৌঁছে তিনি সরাসরি শার্শা উপজেলার উলাশীতে গিয়ে উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে সুধী সমাবেশে অংশ নেবেন।

পরে সড়কপথে যশোর শহরে এসে দুপুর সোয়া ১টায় শহরতলির বিলহরিণা এলাকায় যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। দুপুরে সার্কিট হাউসে নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে বেলা সাড়ে ৩টায় কেন্দ্রীয় ঈদগাহে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

জনসভা শেষে প্রধানমন্ত্রী যশোর ক্লাব পরিদর্শন করবেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে প্রশাসনের বিভিন্ন দপ্তর এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কাজ করছে। কর্মসূচিস্থলগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে এবং উলাশীতে র‌্যাবের ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, উলাশী-যদুনাথপুর খালটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন এই খাল থেকেই। দীর্ঘদিন অবহেলায় ভরাট হয়ে যাওয়া খালটি পুনঃখননের উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

অন্যদিকে, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকালে তিনি যে দুটি প্রতিষ্ঠান পরিদর্শন করবেন, তার মধ্যে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি অন্যতম। ১৮৫১ সালে প্রতিষ্ঠিত এই পাঠাগার উপমহাদেশের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ লাইব্রেরি। এছাড়া ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত যশোর ক্লাবও তিনি স্বল্প সময়ের জন্য পরিদর্শন করবেন।

এদিকে, বিকেলে কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিতব্য জেলা বিএনপির জনসভাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। আয়োজকরা আশা করছেন, জনসভায় বিপুল মানুষের সমাগম হবে।