ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৪ – আটাব (এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ) দেশের প্রায় ৪,০০০ নিবন্ধিত ট্রাভেল এজেন্সির একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে বাংলাদেশের এভিয়েশন এবং পর্যটন খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংগঠনটি সদস্যদের কল্যাণ ও সেক্টরের উন্নয়নের জন্য নানা উদ্যোগ গ্রহণ করে আসছে। প্রতি দুই বছর অন্তর নির্বাচনের মাধ্যমে গঠিত কার্যনির্বাহী পরিষদই এর নেতৃত্ব প্রদান করে। ৫ই মার্চ, ২০২৪ তারিখে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে তিনটি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শেষে বর্তমান পরিষদ দায়িত্ব গ্রহণ করে।
বর্তমান সময়ে ট্রাভেল এজেন্সি ব্যবসার পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার ফলে এই সেক্টরে নতুন চ্যালেঞ্জ ও সমস্যার সৃষ্টি হচ্ছে। এই সমস্যা মোকাবেলার জন্য আটাব শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ তারিখে ঢাকার হোটেল ভিক্টরী-তে একটি মিডিয়া ব্রিফিং আয়োজন করে।
ব্রিফিংয়ে বক্তব্য রাখেন আটাবের সভাপতি জনাব আবদুস সালাম আরেফ। তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল:
১. অনলাইন ট্রাভেল এজেন্সির (ওটিএ) জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন।
২. এয়ার টিকেটের মজুতদারী ও সিন্ডিকেট বন্ধ করার নীতিমালা।
৩. এজেন্সির নাম ও ফোন নম্বর টিকেটে বাধ্যতামূলকভাবে উল্লেখ করা।
৪. বিদেশী ওয়েবসাইট ও এপিআইগুলোর মাধ্যমে অবৈধ ব্যবসা পরিচালনা বন্ধ করা।
৫. তৃতীয় দেশের টিকেট বিক্রয় বন্ধ করার মাধ্যমে অর্থ পাচার রোধ।
৬. এয়ার টিকেটের আগাম অর্থ সংগ্রহের বিপরীতে ইনসেনটিভ প্রদান বন্ধ করা।
৭. ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ।
৮. অনিবন্ধিত ট্রাভেল এজেন্টদের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) প্ল্যাটফর্মে লগইন আইডি প্রদান বন্ধ করা।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন আটাবের মহাসচিব জনাবা আফসিয়া জান্নাত সালেহ, সহ-সভাপতি জনাব মুস্তাফিজুর রহমান হিরো, এবং আটাব কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।









