বিশেষ প্রতিবেদক ময়মনসিংহ নগরীতে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ময়মনসিংহ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দের সঙ্গে ট্রেনটির পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, দুর্ঘটনার পর পাওয়ার কারটি ঘটনাস্থলে রেখে ট্রেনের সামনের অংশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। ইতোমধ্যে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধারের কাজ শুরু করেছে।

তিনি আরও জানান, উদ্ধার কার্যক্রম শেষ হতে কিছুটা সময় লাগতে পারে। তবে পাওয়ার কারটি উদ্ধার করা গেলেই ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।