নিজস্ব প্রতিবেদক সম্পূর্ণ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে নতুন দুই পরিচালক হিসেবে যোগ দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ (জেডিএস স্কলার) এবং পেশাদার হিসাববিদ মোঃ মতিউর রহমান, এফসিএ, এফসিএমএ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৭৮তম সভায় আনুষ্ঠানিকভাবে তাঁরা যোগদান করেন। এ উপলক্ষে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী নবনিযুক্ত দুই পরিচালককে পর্ষদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ এম. লতিফ ভূঞা ও মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুজ্জামান খান, উপব্যবস্থাপনা পরিচালক আবু মোঃ মোফাজ্জেল ও মোঃ রফিকুল ইসলাম এবং মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোঃ হাসান ইমাম।
উল্লেখ্য, সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে শেখ ফরিদ ও মোঃ মতিউর রহমানকে তিন বছরের মেয়াদে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।









