নিজস্ব প্রতিবেদক শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে মোঃ রফিকুল ইসলাম যোগদান করেছেন। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) পদ থেকে পদোন্নতি দিয়ে বেসিক ব্যাংকে পদায়ন করা হয়।
মোঃ রফিকুল ইসলাম ২০০৪ সালে প্রোগ্রামার পদে সোনালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ দুই দশকের কর্মজীবনে তিনি সোনালী ব্যাংকের আইসিটি বিভাগসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়াও খুলনা, ময়মনসিংহ এবং জামালপুর এর জেনারেল ম্যানেজার্স অফিসে জিএম হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি সোনালী ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি ‘সোনালী ব্যাংকিং সলিউশন (এসবিএস)’ নামক ব্রাঞ্চ ব্যাংকিং সফটওয়্যার বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের ডিজিটাল রূপান্তরে উল্লেখযোগ্য অবদান রাখেন।
শিক্ষাজীবনে মোঃ রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব প্রফেশনাল ব্যাংকিং (এমপিবি) ডিগ্রিও লাভ করেন। তিনি একজন সার্টিফায়েড ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর (ডিবিএ) এবং দেশে ও বিদেশে তথ্যপ্রযুক্তি ও ব্যাংকিং বিষয়ক বিভিন্ন সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।
জনাব মোঃ রফিকুল ইসলাম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।









