দৈনিক পুঁজিবাজার: বাংলাদেশের শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জায়গা করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০ মুসলিম ব্যক্তির তালিকায়। জর্ডানের রাজধানী আম্মানভিত্তিক ‘দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)’ এর ১৬তম সংস্করণে প্রকাশিত এই তালিকায় ড. ইউনূসের স্থান বিশেষভাবে উল্লেখযোগ্য।
২০০৯ সাল থেকে প্রতিবছর প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ তালিকায় ধর্মীয় চিন্তাধারা, রাজনৈতিক নেতৃত্ব, শিল্প-সংস্কৃতি, এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের উপর গভীর প্রভাব রাখছেন এমন ব্যক্তিরা অন্তর্ভুক্ত হয়ে থাকেন। এই বছরের তালিকা যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটির প্রিন্স আলওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম-ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিংয়ের সহযোগিতায় প্রস্তুত করা হয়েছে।
ড. ইউনূস, যিনি বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ক্ষুদ্র ঋণের ধারণা প্রচলন করে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন, দেশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন। দেশের বাইরে এবং দেশের অভ্যন্তরে মুসলিম সম্প্রদায়কে প্রভাবিত করে এমন গভীর অবদানের জন্যই তিনি এই সম্মানসূচক তালিকায় স্থান পেয়েছেন।
ড. ইউনূসের এই অন্তর্ভুক্তি শুধু বাংলাদেশের জন্য গর্বের বিষয় নয়, বরং মুসলিম বিশ্বের প্রতিশ্রুতিশীল নেতৃত্বে তার বিশেষ ভূমিকারও পরিচায়ক।









