নিজস্ব প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলায় নসিমন দুর্ঘটনায় সুজন মোল্লা (৩৮) নামে এক প্রবাসফেরত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিয়াদ নামে এক শ্রমিক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের ছুটোখার বাজার সংলগ্ন কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সুজন মোল্লা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের হানিফ মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন মোল্লা তার নসিমন নিয়ে পহলান বাড়ি এলাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে ছুটোখার বাজারের কাছাকাছি একটি কালভার্টের মোড় ঘোরার সময় গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
নিহতের বাবা হানিফ মোল্লা জানান, সুজন প্রায় তিন মাস আগে বিদেশ থেকে দেশে ফিরে আসেন। বিদেশে আর না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি একটি নসিমন কিনে কাঠের ব্যবসা শুরু করেছিলেন। ব্যবসার কাজে তিনি নিজেই গাড়ি চালাতেন।শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে।