পুঁজিবাজার প্রতিবেদক :

বাংলাদেশের তৈরি পোশাক খাতে আরও পাঁচটি কারখানা পরিবেশবান্ধব আন্তর্জাতিক সনদ অর্জন করেছে। নতুন এই সংযোজনের ফলে দেশে মোট লিড (LEED) সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮০টিতে, যা বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন ১১৮টি প্ল্যাটিনাম এবং ১৪৩টি গোল্ড রেটিংধারী লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানা রয়েছে। পাশাপাশি বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটিংধারী লিড কারখানার মধ্যে বাংলাদেশের ৫২টি অবস্থান করছে—যা টেকসই শিল্পায়নের ক্ষেত্রে দেশের অগ্রগতির প্রতিফলন।

শিল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড (ইউনিট-৭), ঢাকার সুরমা গার্মেন্টস লিমিটেড, ধামরাইয়ের নাফা অ্যাপারেলস লিমিটেড (ইউনিট-২), সাভারের উইন্টার ড্রেস লিমিটেড এবং চট্টগ্রামের মেহের গার্মেন্টস লিমিটেড।

এর মধ্যে এপিক গার্মেন্টস ইউনিট-৭ গোল্ড সনদ অর্জন করেছে লিড বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪ মানদণ্ডে। সুরমা গার্মেন্টস লিমিটেডও গোল্ড রেটিং পেয়েছে বিদ্যমান ভবন ব্যবস্থাপনা ক্যাটাগরিতে। নাফা অ্যাপারেলস ইউনিট-২ একইভাবে গোল্ড সনদ অর্জন করেছে।

অন্যদিকে, উইন্টার ড্রেস লিমিটেড ৮৫ পয়েন্ট পেয়ে এবং মেহের গার্মেন্টস লিমিটেড ৮৯ পয়েন্ট অর্জন করে প্ল্যাটিনাম সনদ লাভ করেছে, যা সর্বোচ্চ মানের স্বীকৃতি।

শিল্প খাতের নেতারা বলছেন, এই অর্জন দেশের পোশাক শিল্পে সবুজ প্রযুক্তি, জ্বালানি দক্ষতা ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার প্রতি বাড়তি গুরুত্বেরই প্রমাণ। বর্তমানে পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যায় বাংলাদেশ বিশ্বে শীর্ষস্থান ধরে রেখেছে।

বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে খাতটি এখন জ্বালানি সাশ্রয়, পানি ব্যবস্থাপনা, কার্বন নিঃসরণ কমানো এবং উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার দিকে বেশি মনোযোগ দিচ্ছে।