জেলা প্রতিনিধি: প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর বরিশালের বাজারগুলো থেকে ইলিশ উধাও হয়ে গেছে। শনিবার (১২ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞার ফলে ইলিশ আহরণ, কেনাবেচা ও পরিবহন সম্পূর্ণ বন্ধ রয়েছে।
রোববার (১৩ অক্টোবর) ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের তত্ত্বাবধানে নদীতে ব্যাপক অভিযান পরিচালিত হয়। র্যাব, পুলিশ এবং কোস্ট গার্ডের সদস্যদের নিয়ে নৌ-মহড়া পরিচালনা করা হয়েছে।
বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানিয়েছেন, নিষেধাজ্ঞা সফলভাবে কার্যকর করতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত। জেলা প্রশাসনের টাস্কফোর্স এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে নিয়মিত অভিযান চলবে, এবং আইন ভঙ্গ করে কেউ ইলিশ ধরলে কঠোর শাস্তি দেওয়া হবে।
জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ ইতোমধ্যে শুরু হয়েছে এবং প্রণোদনা কর্মসূচির বাইরে থাকা জেলেদের তালিকায় অন্তর্ভুক্তির কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক।









