পুঁজিবাজার প্রতিবেদক : প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ৪২ হাজার ২৯১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বিদায়ী অর্থবছরের তুলনায় এ খাতে বরাদ্দ বেড়েছে ১ হাজার ৫৯৩ কোটি টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী বাজেট উপস্থাপনের সময় এ তথ্য তুলে ধরেন।

বাজেট দলিল অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা খাতে ৪০ হাজার ৬৯৮ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছিল। পরে সংশোধিত বাজেটে তা ৪০ হাজার ৫০২ কোটি টাকায় নির্ধারিত হয়। সেই তুলনায় নতুন অর্থবছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয়ের জন্য ৩৮ হাজার ৭২১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া উন্নয়ন ব্যয়ের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১ হাজার ৬১১ কোটি টাকা।

অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন অন্যান্য সার্ভিসের পরিচালন ব্যয়ের জন্য ১ হাজার ৯৫৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

সরকারের মতে, জাতীয় নিরাপত্তা জোরদার, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং বাহিনীগুলোর আধুনিকায়নের ধারাবাহিকতা বজায় রাখতেই এ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।