বিনোদন প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরের চাঁদ রাতে প্রকাশিত হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী রোজিনা আক্তারের নতুন অ্যালবাম ‘প্রবাস নামের জেলখানা’। প্রবাস জীবনের কষ্ট ও অনুভূতি নিয়ে নির্মিত এই গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে জন্মগ্রহণ করেন রোজিনা আক্তার। তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এবং মাতা জাহানারা বেগম। ছোটবেলা থেকেই পারিবারিক অনুপ্রেরণায় সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ তৈরি হয় তাঁর। সেই আগ্রহ থেকেই গফরগাঁও শিল্পকলা একাডেমিতে সঙ্গীতের তালিম গ্রহণ করেন। পরবর্তীতে গাজীপুর শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে নিজেকে আরও পরিণত করে তোলেন।

নিজের মেধা ও নিরলস সাধনার মাধ্যমে কণ্ঠস্বর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। লোকসঙ্গীত শিল্পী হিসেবে বিভিন্ন মঞ্চে গান পরিবেশন করে ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের প্রশংসা ও একাধিক পুরস্কার অর্জন করেছেন তিনি। বিশেষ করে আঞ্চলিক গানের প্রতি তাঁর ঝোঁক তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।

নতুন গানটি প্রসঙ্গে রোজিনা আক্তার বলেন, “গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি আমার অনুভূতি দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি, ঈদে এটি শ্রোতাদের কাছে অন্যতম প্রিয় গান হয়ে উঠবে।”

গানের গীতিকার তকবির হোসাইন বলেন, “প্রবাসীদের জীবনের কষ্ট আমাকে সবসময় নাড়া দেয়। সেই অনুভূতিগুলোই গানের কথায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি, শ্রোতারা নতুন কিছু অনুভব করবেন।”

গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আল আমিন খান। তিনি বলেন, “রোজিনা আক্তার অত্যন্ত প্রতিভাবান একজন শিল্পী। তিনি হৃদয় দিয়ে গানটি গেয়েছেন। এটি একটি সময়োপযোগী গান, যা শ্রোতাদের ভালো লাগবে।”

মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আনান খান ও মিষ্টি বিশ্বাস। তারা জানান, গানটি দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা এনে দেবে।

গানটি ‘Surer Alo BD’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এস আই শফিক ও হাবিবুর রহমান। তাদের ভাষ্য, “রোজিনা আক্তার বর্তমানে ব্যস্ততম কণ্ঠশিল্পীদের একজন। তিনি আন্তরিকতা দিয়ে গানটি গেয়েছেন। বিশেষ করে প্রবাসীদের হৃদয়ে এই গানটি দাগ কাটবে বলে আমরা বিশ্বাস করি।”

উল্লেখ্য, রোজিনা আক্তারের জনপ্রিয় একক অ্যালবামগুলোর মধ্যে রয়েছে “দুষ্টু ছেলে”, “বন্ধু তোরে ভালো লাগে”, “অন্তরে মিস কিনশাহ”, “মিসকিন বাবা জিন্দাবাদ” প্রভৃতি। এছাড়াও “বাউলরে তোর একতারাটা”, “দুঃখী মায়ের গল্প”, “গার্মেন্টস কন্যা”, “বেইমান প্রেমিক”, “অন্তরে বাজেরে”, “মজাইয়া মজাইয়া”, “তোকে শুধু চাই”, “জমিদারের নাতি”সহ অসংখ্য জনপ্রিয় গান গেয়ে তিনি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।