নড়াইল প্রতিনিধি

নড়াইলে জ্বালানি তেল না পাওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন পাম্পের এক কর্মচারী, যাকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (২৮ মার্চ) রাত আড়াইটার দিকে সদর উপজেলার তুলারামপুর এলাকায় মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের কাছাকাছি এই ঘটনা ঘটে। নিহত নাহিদ সরদার (৩২) স্থানীয় পেড়লী গ্রামের বাসিন্দা। আহত জিহাদ হাসান মোল্যা (২৭) একই ইউনিয়নের চামরুল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের পাশে অবস্থিত ওই ফিলিং স্টেশনে ডিজেল নিতে আসেন ট্রাকচালক সুজাত মোল্যা। কিন্তু পাম্পে তেল না থাকায় ম্যানেজার নাহিদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে চালক ক্ষিপ্ত হয়ে ট্রাক দিয়ে চাপা দেওয়ার হুমকিও দেন।

এর কিছুক্ষণ পর নাহিদ সরদার মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তার সঙ্গে ছিলেন সহকর্মী জিহাদ। অভিযোগ রয়েছে, স্টেশন থেকে কিছু দূরে যেতেই পেছন দিক থেকে এসে ট্রাক দিয়ে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় সুজাত। এতে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয় এবং জিহাদ গুরুতর আহত হন।

আহত জিহাদকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দর আলী জানান, অভিযুক্ত ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।