পুঁজিবাজার প্রতিবেদক :
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংস্থাটির প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম বৃদ্ধির কারণে এ সমন্বয় করা হয়েছে। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নতুন দরে ২১ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকায়, ১৮ ক্যারেট ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত ৫০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৯ বার বাড়ানো এবং ২১ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দামের পরিবর্তন হয়েছে—এর মধ্যে ৬৪ বার বেড়েছে এবং ২৯ বার কমেছে।
এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ৩৫০ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেট রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।









