আন্তজার্তিক ডেস্ক ভারতের রাজধানী দিল্লি ও গুজরাটে প্রবল ঝড়-বৃষ্টিতে প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে রয়েছেন এক তরুণী গৃহিণী ও তার তিন শিশুসন্তান।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২ মে) ভোররাতে গুজরাটের দ্বারকার খারখারি গ্রামে ঝড়ো বাতাসের সময় কৃষিজমির একটি টিউবওয়েল ঘরের ওপর ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে প্রাণ হারান তারা। দুর্ঘটনায় আহত হয়েছেন গৃহিণীর স্বামী অজয়।

অন্যদিকে, দিল্লিতে ভারি বর্ষণ ও দমকা হাওয়ার প্রভাবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে বিমান চলাচল। ২০০টিরও বেশি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়ে যায় এবং অন্তত তিনটি ফ্লাইট বিকল্প রুটে পাঠাতে হয়।

বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার এমন পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে ভারত আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) দিল্লি ও আশপাশের এলাকায় ‘রেড এলার্ট’ জারি করেছে। জনসাধারণকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে। সংশ্লিষ্ট প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনায় তৎপর রয়েছে বলে জানানো হয়েছে।