নিজস্ব প্রতিবেদক:
১ নং তেলিগাতী ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন খান বদিউজ্জামান। তবে তাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে অপপ্রচার ও মানহানির চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তার সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, সেটি সম্পূর্ণ নয়। ভিডিওটির গুরুত্বপূর্ণ অংশ কেটে বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সামনে বিষয়টি যাচাই করার কথা বলা হয়েছিল। সেখানে উপস্থিত ট্যাগ অফিসারসহ সংশ্লিষ্টদের সামনে অভিযোগকারীকে নিয়ে আসার আহ্বান জানানো হয় এবং ভিডিও বন্ধ করারও অনুরোধ করা হয়েছিল। কিন্তু এসব অংশ ভিডিওতে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
এছাড়া অভিযোগ রয়েছে, কিছু চাল আগে সরিয়ে রেখে পরে কম চাল মেপে ভিডিও ধারণ করা হয়েছে, যাতে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে মানহানি করা যায়। এ ঘটনায় জামায়াত ও স্থানীয় একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী নির্বাচিত হওয়ার পর স্থানীয় পর্যায়েও তাদের সমর্থিত প্রার্থীকে জনপ্রতিনিধি করার লক্ষ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
সাধারণ জনগণ ও বিএনপি নেতাকর্মীরা এই পরিকল্পিত অপপ্রচার ও মানহানিকর কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এ ধরনের বিভ্রান্তিকর প্রচার বন্ধ করার আহ্বান জানিয়েছেন।









