পুঁজিবাজার প্রতিবেদক : জ্বালানির দাম বৃদ্ধির অজুহাতে বাস ভাড়া ও নিত্যপণ্যের দাম নাটকীয়ভাবে বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, এ বিষয়ে সরকার নজরদারি জোরদার করেছে এবং অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় নারায়ণগঞ্জর গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় গড়ে ওঠা নিট শিল্প পল্লি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, বিদ্যুৎ উৎপাদনের পর তা শিল্প কারখানায় সরবরাহ করা হচ্ছে। ফলে জ্বালানি সংকটের কারণে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়ে রপ্তানি কমে গেছে—এমন ধারণা সঠিক নয়। তিনি বলেন, বৈশ্বিক বাজারে মন্দাভাব রপ্তানি কমার অন্যতম কারণ।
তিনি আরও বলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি)-এর শিল্প প্লটগুলোর মধ্যে দুটি প্লটে শিল্প স্থাপন করা হয়েছে এবং আরও দুটি প্লট একটি প্রতিষ্ঠান নিতে যাচ্ছে। তবে বাকি প্লটগুলোর কিছু স্থানীয়দের দখলে রয়েছে, যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি শিল্প প্লটে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।
নতুন বিনিয়োগকারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ভবিষ্যতে ফুয়েল-ইনটেনসিভ কারখানার পরিবর্তে কম জ্বালানি নির্ভর (লেস ফুয়েল ইনটেনসিভ) শিল্প প্রতিষ্ঠা করার দিকে নজর দিতে হবে।
এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা টেক্সটাইল শিল্প পল্লির বর্ণালী কালেকশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা পরিদর্শন করেন। পরে তারা বাকি প্লটগুলোও ঘুরে দেখেন এবং শেষে চাষাড়া জিয়া হল প্রাঙ্গণে বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন করেন।









