ডেস্ক রিপোর্ট

নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) রাত ৮টায় রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৫ মার্চ সরকার ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়, যাদের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নিয়োগের পর এটিই প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

বৈঠকে অংশ নেওয়া এক প্রশাসক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদার করার বিষয়ে দিকনির্দেশনা দেবেন। বিশেষ করে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে কীভাবে কার্যকর ভূমিকা রাখা যায়, সে বিষয়ে আলোচনা হবে।

এছাড়া দলীয় কার্যক্রম, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে জানা গেছে।