জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ বৃহস্পতিবার (২৮ মে ২০২৬), পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে সকাল সাড়ে ৭টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

পবিত্র ঈদের নামাজ আদায় শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী। পরে তিনি উপস্থিত মুসল্লীদের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন এবং কোলাকুলিতে অংশ নেন। এসময় সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উষ্ণ আবহের সৃষ্টি হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ও সুসমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত পবিত্র ঈদের জামাতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদগাহ প্রাঙ্গণ পরিণত হয় এক অনন্য ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলায়।

এর আগে সকাল ৭টায় গুলশানস্থ বাসভবন থেকে রওনা হয়ে ৭টা ২০ মিনিটে জাতীয় ঈদগাহ ময়দানে পৌঁছান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।