পুঁজিবাজার প্রতিবেদক :
বন্ধ থাকা পাটকলগুলোর মধ্যে ছয়টি আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ পাটকল চালু ও ইজারা সংক্রান্ত অংশীজনদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী জানান, পর্যায়ক্রমে বন্ধ থাকা অন্যান্য পাটকলও চালু করা বা ইজারা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর ফলে দেশে নতুন বিনিয়োগ আসবে, পাট ও পাটজাত পণ্যের রফতানি বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান আশিক চৌধুরীসহ বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।









