দৈনিক পুঁজিবাজার: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় র্যাব পরিচয়ে দুই বিকাশ এজেন্টের কাছ থেকে ২৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বানী এলাকায় এই ঘটনাটি ঘটে। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিকাশের চৌদ্দগ্রাম উপজেলা পরিবেশক মো. কুতুব উদ্দিন শাওন জানান, ‘আমাদের বিক্রয় প্রতিনিধি নবী মিয়া ও মহসিন ২৭ লক্ষ টাকা নিয়ে প্রাইভেটকারযোগে কুমিল্লায় যাওয়ার পথে মিরশ্বানী এলাকায় অজ্ঞাত এক মাইক্রোবাস তাদের গাড়ির গতিরোধ করে। মাইক্রোবাস থেকে র্যাবের পোশাক পরা পাঁচ ব্যক্তি নেমে নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে বিকাশ প্রতিনিধিদেরকে টাকাসহ নিজেদের মাইক্রোবাসে তোলে। পরে তাদের কাছ থেকে ২৭ লাখ টাকা লুট করে কুমিল্লার চান্দিনা এলাকায় মহাসড়কে ফেলে রেখে যায়।’
এই ঘটনার পর ভুক্তভোগী বিকাশ এজেন্টরা আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।









