
দৈনিক পুঁজিবাজার
বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে চীনের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (স্থানীয় সময়) সকালে বেইজিংয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
বেইজিংয়ের Diaoyutai Hotel-এ আয়োজিত এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। অনুষ্ঠানে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, শিল্প খাতের সুযোগ এবং ব্যবসাবান্ধব নীতিমালা নিয়ে উপস্থাপনা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এতে চীনের ১২৫ জন ব্যবসায়ী অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য। শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন ধাপে প্রবেশ করতে দেশটি চীনের সঙ্গে দীর্ঘমেয়াদি ও ফলপ্রসূ শিল্প সহযোগিতা গড়ে তুলতে আগ্রহী। তিনি চীনা প্রতিষ্ঠানগুলোকে তাদের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণে বাংলাদেশকে অংশীদার হিসেবে বিবেচনার আহ্বান জানান।
তিনি জানান, বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করতে সরকার ছয় মাসব্যাপী একটি সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আওতায় প্রশাসনিক জটিলতা কমানো, সরকারি সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা, নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করা এবং বিদেশি বিনিয়োগবান্ধব অবকাঠামো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আনোয়ারা-য় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলা-য় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। একই সঙ্গে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সেবা নিশ্চিত করতে শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালু করা হবে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, মাহদী আমিন এবং আতিকুর রহমান রুমনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।






