অনলাইন ডেস্ক দেশের মোবাইল গ্রাহকদের জন্য সুখবর আসছে। ঘরের ভেতরে দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট সমস্যার সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। সংস্থাটি ‘ই-জিএসএম’ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দিয়ে মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে।
বর্তমানে দেশের প্রায় ৪০ শতাংশ মোবাইল ব্যবহারকারী শহরে এবং বাকি ৬০ শতাংশ উপশহর ও গ্রামীণ অঞ্চলে বসবাস করেন। শহরে নেটওয়ার্ক তুলনামূলক ভালো হলেও গ্রাম ও প্রত্যন্ত এলাকায় সেবার মান এখনও সন্তোষজনক নয়। বিশেষ করে ঘরের ভেতরে কল ড্রপ, দুর্বল সিগন্যাল ও ধীরগতির ইন্টারনেট ব্যবহারকারীদের বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
নেটওয়ার্কের মান উন্নত করতে এরই মধ্যে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছে Grameenphone-কে। এর ধারাবাহিকতায় এবার ‘ই-জিএসএম’ ব্যান্ড ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিটিআরসির কাছে বর্তমানে ৮.৪ মেগাহার্টজ ‘ই-জিএসএম’ তরঙ্গ রয়েছে। এর মধ্যে ৩.৪ মেগাহার্টজ করে চেয়েছে Robi Axiata Limited ও Banglalink। তবে চূড়ান্ত বরাদ্দের আগে এক মাসের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে, যাতে সীমান্ত এলাকায় ৮৫০ মেগাহার্টজ ব্যান্ডের সঙ্গে কোনো ধরনের বিঘ্ন ঘটে কি না, তা যাচাই করা যায়।
রবির কর্মকর্তারা জানিয়েছেন, ‘ই-জিএসএম’ প্রযুক্তি ব্যবহারের জন্য তাদের প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত রয়েছে। ফলে অনুমোদন মিললেই দ্রুত গ্রাহকদের উন্নত সেবা দেওয়া সম্ভব হবে। অন্যদিকে বাংলালিংক জানিয়েছে, পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে তারা পরবর্তী বিনিয়োগ সিদ্ধান্ত নেবে।
সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ সফল হলে ঘরের ভেতরে মোবাইল সিগন্যাল শক্তিশালী হবে, কল ড্রপ কমবে এবং ইন্টারনেটের গতি ও স্থিতিশীলতা বাড়বে। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে সংযোগ ব্যবস্থায় দৃশ্যমান উন্নতি আসবে বলে আশা করা হচ্ছে।









