
পুঁজিবাজার প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ সম্পূর্ণ নগদ হিসেবে সাধারণ শেয়ারহোল্ডারদের প্রদান করা হবে।
বৃহস্পতিবার (১১ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য হিসাববছরে কোম্পানিটির সমন্বিত (কনসোলিডেটেড) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৯ পয়সা। আগের হিসাববছরে একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৮ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৮৩ পয়সা।
লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
এ সংক্রান্ত শেয়ারহোল্ডারদের যোগ্যতা নির্ধারণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জুলাই।







