অনলাইন ডেস্ক
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলবে।
বুধবার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রুটিন প্রকাশের পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য ১১টি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল (সিকিউ) অংশ অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল অংশের সময় ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে। ব্যবহারিক বিষয়সমূহের ক্ষেত্রে ২৫ নম্বরের এমসিকিউর জন্য ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার দুই অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না।
সময়সূচি অনুযায়ী, সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে সকাল ৯টা ৩০ মিনিটে উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে। সকাল ১০টায় এমসিকিউ এবং ১০টা ৩০ মিনিটে সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হবে। ২৫ নম্বরের এমসিকিউর ক্ষেত্রে সৃজনশীল অংশ শুরু হবে সকাল ১০টা ২৫ মিনিটে। একইভাবে দুপুর ২টার পরীক্ষার জন্য দুপুর ১টা ৩০ মিনিটে উত্তরপত্র বিতরণ, ২টায় এমসিকিউ এবং ২টা ৩০ মিনিটে সৃজনশীল পরীক্ষা শুরু হবে। ২৫ নম্বরের এমসিকিউর ক্ষেত্রে এ সময় হবে দুপুর ২টা ২৫ মিনিট।
এছাড়া পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। উত্তরপত্রে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। প্রবেশপত্রে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে অংশগ্রহণ করা যাবে না। পরীক্ষায় নন-প্রোগ্রামেবল হাতঘড়ি ও শিক্ষা বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
পরীক্ষাকেন্দ্রে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কারও মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থীদেরও মোবাইল ফোন সঙ্গে না আনার নির্দেশ দেওয়া হয়েছে।









